বেড়া (পাবনা) প্রতিনিধি: কলি যুগে মানুষ ধর্মের অমৃত বাণী ভূলে গিয়ে আজ পরিত্রাণহীন অন্ধকারের দিকে ধেয়ে চলেছে। অর্থ ও লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য ও সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। তাই এই অন্ধকার থেকে পরিত্রাণ পেতে শতাধিক বছরের পুরাতন ঐতিহ্যবাহী পাবনার বেড়া উপজেলা কেন্দ্রীয় হরিবাড়ি শ্রীঅঙ্গণে দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তিকল্পে গত ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথির অরুণোদয়ের পূর্ব থেকে ৫ ফেব্রুয়ারি অরুণোদয় পর্যন্ত ৪০ প্রহর (৫দিন) ব্যাপী তারক ব্রহ্ম শ্রীশ্রীহরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
মহাযজ্ঞানুষ্ঠানের নামসুধা শ্রবনের জন্য দূর-দূরান্ত থেকে অগণিত ভক্তের আগমন ঘটছে। প্রতিদিন মহানামযজ্ঞা অনুষ্ঠানে দেশের স্বনামধন্যÑ শ্যামসুন্দর সম্প্রদায়, নব রাম ঠাকুর সম্প্রদায়, মা যশোদা সম্প্রদায়, জয় গোবিন্দ সম্প্রদায়, কৃষ্ণ বলরাম সম্প্রদায় ও শ্রীকৃষ্ণ ভাবনা সংঘ সম্প্রদায় মোট ৬টি কীর্ত্তণীয়া দল অংশগ্রহণ করেছে। আগামী ৫ ফেব্রুয়ারী কুঞ্জ ভঙ্গ অন্তে শ্রীশ্রী মহাপ্রভূর ভোগ মহোৎসব, মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে মহানামযজ্ঞানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।


