বেসিক ব্যাংকের প্রাক্তন দুই পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক : ঋণ জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের প্রাক্তন দুই পরিচালক একেএম কামরুল ইসলাম ও জাহাঙ্গীর আখন্দ সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে দুদক পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে উভয়েই অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

একই ঘটনায় বিভিন্ন সময় বেসিক ব্যাংকের প্রাক্তন পরিচালক অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন্নাহার আহমেদ, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মো. ফখরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, কামরুন নাহার আহমেদ ও অধ্যাপক কাজী আকতার হোসাইনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

অন্যদিকে বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে আগামী ৪ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করে দুদকের অনুসন্ধানদলের সদস্যরা। মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে। মামলায় ২ হাজার ৬৫ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়।

এর মধ্যে রাজধানীর গুলশান শাখার মাধ্যমে ১ হাজার ৩০০ কোটি টাকা, শান্তিনগর শাখায় ৩৮৭ কোটি টাকা, প্রধান শাখায় প্রায় ২৪৮ কোটি টাকা এবং দিলকুশাশাখার মাধ্যমে অনিয়ম করে ১৩০ কোটি টাকা ঋণ দেওয়া হয়।

এ ছাড়া কেলেঙ্কারির অভিযোগের বাকি অংশের অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। মামলায় আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রযেছেন ২৬ জন। বাকি ১৩০ জন আসামি ঋণ গ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সার্ভে প্রতিষ্ঠান।তবে কোনো মামলায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুরসহ পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি। দুদক পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অনুসন্ধান ও তদন্ত কাজ পরিচালনা করছেন।