বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাগানের গাছ কেটে নিলো প্রভাবশালীরা

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় কৃষকের বাগানের বিপুল সংখ্যক গাছ কেটে নিলো প্রভাশালী প্রতিপক্ষরা। বিভিন্ন দপ্তরে বিচার চেয়েও কোন প্রতিকার পায়নি ওই কৃষক। গত কয়েকদিন প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ নোকিব হোসেন গংরা বাগানের অতি মূল্যবান চারটি রেইট্রি গাছ সহ ফলজ গাছ কেটে নেয় তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে।


কৃষক বশির আহাম্মদ গংরা জানান, নোকিব হোসেনের সাথে ৪৫শতাংশ জমি নিয়ে তাদের বিরোধ চলছিলো। নকিব গংরা বিভিন্ন সময় জোর খাটিয়ে ওই জমি দখল নেয়ার চেষ্টা করলে কৃষক বশির আদালতে ১৪৪/১৪৫ ফৌ: কা: বি: ধারায় একটি মামলা দায়ের করে যার নং-১৯৯/২০১৮। এরই ধারাবাহিকতায় আদালত কর্তৃক উল্লেখিত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষের উপর নিষেধাজ্ঞা জারি করে একটি নোটিশ প্রদান করে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় নকিব হোসেন গংরা বিপুল সঙ্খক লোকজন নিয়ে একের পর এক গাছ কেটে নিয়ে যাচ্ছেন। এব্যাপারে নকিব গংদের নিকট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার কারণ জানতে চাইলে তারা বলেন, এখন আদালত বন্ধ আছে। আদালত খুললে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আনা হবে।
ছবি সংযুক্ত: ভোলার বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কেটে নেয়া বাগানের গাছ।