গাজীপুর প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে কর্মস্থল থেকে ফেরা গার্মেন্টস শ্রমিকরাই বেশি টার্গেট হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয়।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারী চক্রের নেতৃত্বে রয়েছেন রাব্বি (৩৫), পিতা— আজিজ । তার সহযোগী হিসেবে সোহেল নামে একজন কাজ করছেন বলেও দাবি করেছেন একাধিক ভুক্তভোগী।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, গত ২/২/২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে আলামিন নামের এক ব্যক্তির বাসায় ঢুকে শরীরে সুইচ গিয়ার ঠেকিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, গাছা থানায় একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। এতে করে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তাদের দাবি।
আরও গুরুতর অভিযোগ হলো—
ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে গেলে ছিনতাইকারী চক্রের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—
এই চক্রের পেছনে কি কোনো প্রভাবশালী বা রাজনৈতিক শক্তি কাজ করছে?
নাকি প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়েই তারা দিনের পর দিন অপরাধ চালিয়ে যাচ্ছে?
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত পুলিশের দৃশ্যমান অভিযান, নিয়মিত টহল জোরদার এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


