রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আজ পরিস্থিতি শান্ত রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা পুরোপুরি শান্ত দেখা গেছে।
সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। সকাল ১০টায় মিরপুর রোডের এই অংশে কোনো যানজট দেখা যায়নি।
সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষের পর আজও নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী বা কর্মচারীদের উপস্থিতি নেই। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ রয়েছে। তবে দোকানপাট খোলেনি। এদিকে সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়নি।
সোমবার রাত থেকে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। সেটা গতকাল মঙ্গলবার থেকে থেমে দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়।


