ভগ্নিপতিসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল : শিশু অলি হত্যা

নিজস্ব প্রতিবেদক : শ্বশুরের সম্পত্তি পাওয়ার লোভে তার একমাত্র শিশু ছেলেকে হত্যার দায়ে মেয়ের স্বামী সাহেব আলী ও মোহাম্মদ মুকুল হোসেন নামের আরেকজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

তবে এই মামলার অপর আসামি মো. রাসেলকে যাবজ্জীবন সাজা হ্রাস করে ১৪ বছরের দণ্ড দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৬ এপ্রিল রাজশাহীর মোহনপুরের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান অলিকে অপহরণ করা হয়। এই অপহরণের ঘটনার পরিকল্পনা করেন তারই আপন ভগ্নিপতি সাহেব আলী। তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা প্রকাশ পায়।

স্বীকারোক্তিতে সাহেব আলী বলেন, অপহরণের ঘটনার দিন আসামি রাসেল বাইসাইকেলে করে অলিকে তার স্কুল থেকে নিয়ে আসে। এরপর তাকে রাজশাহী শহরে ও পদ্মার পাড়ে নিয়ে সময় অতিবাহিত করে। পরদিন ২৭ এপ্রিল রাত ২টার দিকে বিদিরপুরে পৌঁছে সাহেব আলী ও মুকুল হোসেনের সঙ্গে তারা সাক্ষাৎ করে। এরপর বেরাবাড়ির আব্দুল আজিজের ভুট্টাখেতে নিয়ে অলিকে শ্বাসরোধ করে হত্যা এবং দিনের বেলা মাটি খুঁড়ে তার লাশ চাপা দিয়ে রাখা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১২ সালের ২৩ জানুয়ারি সাহেব আলী ও মুকুল হোসেনকে ফাঁসি দেয় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আসামি রাসেলকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এর বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।

আসামিদের পক্ষে এ এফ এম মেজবাহউদ্দিন ও এস এম মুবিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।