নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা শহরের রাস্তার পাশের ভবনগুলোতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত কার পার্কিংয়ের জায়গায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী ৬ মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বুধবার রিটের চূড়ান্ত শুনানিতে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাজউকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ইমাম হাসান।
আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের য্নজটের অন্যতম কারণ হলো, রাস্তার পাশের ভবনগুলো। রাজউক থেকে পরিকল্পনা দেয়ার সময় এসব ভবনে কার পার্কিংয়ের স্থান নির্ধারিত করে দেয়া হয়েছে। কিন্তু অনেক ভবন মালিকই কার পার্কিংয়ের জায়গায় দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ফলে ওই গাড়িগুলো রাস্তায় পার্কিং করতে হচ্ছে। যে কারণে ঢাকা শহরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। আর এতে সাধারণ নাগরিকের চলাচলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এসব কারণে জনস্বার্থে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১৫ সালে রিট করেছিলাম। ওই রিটের আলোকে সে সময় হাইকোর্ট থেকে রুল জারি করেছিলেন। এরপর দীর্ঘদিন শুনানি শেষে আজ ওই রুলকে যথাযথ ঘোষণা করে রায় প্রদান করেন আদালত।
রায়ে আদালত বলেন, বাসাবাড়ির নিচে কার পার্কিংয়ের জায়গাগুলোতে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে ৩০ দিনের মধ্যে সরে যেতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে রাজউককে। এ সময়ের মধ্যে যদি তারা সরে না যায়, তাহলে রাজউকসহ অন্যান্য বিবাদীরা মিলে ছয় মাসের মধ্যে ঢাকা শহরের রাস্তার পাশে ভবনে থাকা কার পার্কিংয়ের জায়গা যারা ব্যবহার করছেন, তাদের উচ্ছেদ করবে। ওই উচ্ছেদের খরচ বহন করবে ভবন মালিকরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলা হয়েছে, রাস্তার মধ্যে গাড়ি পার্কিংয়ের অনুমতি দেয়া যাবে না। যেসব জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা নেই, সেখানেও ব্যবস্থা গ্রহণ করতে তাদের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। পাশাপাশি পত্রিকায় দেয়া নোটিশটি ঢাকা শহরের সব এলাকায় মাইকিং করে জনগণকে জানিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এসব আদেশ পালন করে আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।


