টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের দেয়া ১৬৯ রানের টার্গেট ২৪ বল হাতে রেখেই টপকে গেছে ইংলিশরা।
১৬৮ রান করেও লড়াইয়ের কোনো দৃষ্টান্তই স্থাপন করতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের তুলোধুনো করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ভারতের ইনিংসের সারমর্ম করলে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিদের পাশাপাশি নাম আসবে ইংল্যান্ডের বোলারদেরও। কেননা পান্ডিয়ার ঝড়ের আগে তো ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংই করেছিল ইংল্যান্ডের বোলিং বিভাগ। কিন্তু ইংল্যান্ডের ইনিংসে শুধুই আলেক্স হেলস ও জস বাটলারের দাপট। সেই দাপটে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জিতেছে ইংলিশরা। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডে রান তাড়া করতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। প্রথম ওভারে ১৩, দ্বিতীয় ওভারে ৮ ও তৃতীয় ওভারে ১২ রান তুলে জস বাটলার ও আলেক্স হেলস জুটি। এরপর অক্ষর প্যাটেলকে আক্রমণে আনলেও উইকেটের দেখা পায়নি ভারত। ধুঁকতে থাকলেও তার ওভারেও ৮ রান নেন ইংল্যান্ডের দুই ডান হাতি ব্যাটার। পাওয়ার-প্লে শেষে বিনা উইকেটে ৬৩ রান করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত দুই ওপেনারের কাছে পাত্তাই পায়নি ভারতের বোলাররা। জয় নিশ্চিত করে অপরাজিত থাকা হেলস ৪৭ বলে ৮৬ ও বাটলার ৪৯ বলে ৮০ রান করেন। এর মধ্যে হেলসের ইনিংসে ছিল ৭টি ছয় ও ৪টি চারের মার। বাটলারের ইনিংসে ছিল ৩টি ছয় ও ৯টি চারের মার।


