মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকে : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত সংলগ্ন ভারতের মেঘালয়ের কিল্লাপাড়া বিএসএফ কাম্পে প্রথমবারের মতো বিজিবি এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করতে ভারতের সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের জন্য আজ (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনির্দ্ধু বিজিবিএম ও বিএসএফ এর তুরা হেডকোয়ার্টার্স এর সেক্টর ডিআইজি উদয় প্রতাপ সিং পাঠানিয়া যৌথভাবে ফিতা কেটে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় ২৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান, কর্নেল আব্দুর রহমান, সেক্টর মেডিকেল অফিসার আব্দুর রহিম, বিএসএফ এর কমান্ডিং অফিসার শ্রী পংকজ কুমার মিসরা, বিএসএফ’র ৭৫ ব্যাটালিয়ান কমান্ডার সুকুমার পাঠানায়কসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে দুই দেশের ৭ জন মেডিকেল অফিসার ভারতের স্থানীয় ১৬৩ জন শিশু, ২৩৯ জন নারী ও ১৬৮ জন পুরুষ মিলে মোট ৫৭০জন রোগীর বিনামূল্যে প্যাথলজিক্যাল পরিক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ও ওষুধ প্রদান করেন। বিকেলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। ক্যাম্পেইন শুরুর আগে বিজিবি কর্মকর্তাদের সম্মানে গার্ড অব অনার প্রদান করে বিএসএফ সদস্যরা। এসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ডালু সীমান্তে শহীদ বিএসএফদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে।
চিকিৎসা সেবা নিতে আসা সেবাগ্রহীতারা জানায়, আমরা গরীব মানুষ। সীমান্ত এলাকায় কোন চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ নেই। এভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করায় আমাদের অনেক উপকার হচ্ছে। এসময় তারা এ চিকিৎসা সেবা ছয় মাস পরপর না হলেও অন্তত বছরে একবার হলেও প্রদান করার দাবী জানান।
বিএসএফ তুরা হেডকোয়ার্টার্স এর ডিআইজি উদয় প্রতাপ সিং পাঠানিয়া জানান, দুই দেশের সীমান্তবর্তী সুবিধাবি ত মূল জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সেবা দেওয়ার জন্য এ আয়োজন। পাশাপাশি এতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
বিজিবি ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সিইও লেফটেনেন্ট কর্ণেল মোঃ আতিকুর রহমান জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরণের উদ্যোগ এই প্রথম। আমরা আশা করব এর মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অটুট সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয়।
সূত্র জানায়, আগামীকাল (২৫ আগস্ট) শুক্রবার সকাল নয়টা থেকে একইভাবে বাংলাদেশের নাকুগাঁও সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে বাংলাদেশের স্থানীয় জনসাধারণের জন্য আরও একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।


