নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে আইন মন্ত্রণালয় সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর আগেও দুজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলেছিলাম।
ছুটিতে যাওয়া অসুস্থ প্রধান বিচারপতিকে দেখতে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিশ্চয়ই যাব। তবে কবে দেখতে যাব তা বলতে পারছি না।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর সাক্ষাৎকালে আপিল বিভাগের অন্যান্য বিচারপতিও যোগ দেন বলে জানান তিনি।
এদিকে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে নিজ খাস কামরায় সাক্ষাতের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিকেল ৫টায় সময় দিয়েছেন বলে জানিয়েছেন সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।


