ভালুকায় বিস্ফোরণে নিহত জঙ্গির স্ত্রীর সাত দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহত জঙ্গির স্ত্রীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্ফোরণের ঘটনায় ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ বর্মণ সন্ত্রাস ও বিস্ফোরক দ্রব্য আইনে এই থানায় মামলা দায়ের করেন।

নিহত জঙ্গি মোহাম্মদ আলম প্রামাণিকের স্ত্রী পারভিন আক্তারকে এই মামলায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হযরত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, মামলায় পারভিন আক্তার (৩০), বাড়ীর মালিক আজিম উদ্দিন ও পরিচয়বিহীন আরো অনেককে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর মঙ্গলবার পারভিন আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট খালেদা ইয়াসমিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোনো অভিভাবক না থাকায় সরকারি নিয়ম মেনে পারভিন আক্তারের দুই শিশু সন্তান ইব্রাহীম ওরফে ইসরাফিল (৭) ও ছোট ছেলে ইছাহাককে (৩) মায়ের সঙ্গে দেওয়া হয়। এ ছাড়া ডিএনএ রাখার ব্যবস্থা করে আলম প্রামাণিকের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ির কাশর গ্রামের বাসিন্দা আজিম উদ্দিনের ভাড়াটিয়া আলম প্রামাণিকের ঘরের ভেতর বোমার বিস্ফোরণ ঘটে। এতে আলম প্রামাণিক নিহত হন।

কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সোমবার সেখানে চার ঘণ্টা অভিযান চালিয়ে বোমা নিষ্ক্রিয় করে এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির মালামাল উদ্ধার করে।