ভালুকায় বোমা বিস্ফোরণে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জেলার ভালুকায় বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘিরে রাখা বাড়িতে অভিযান চালানোর জন্য ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে।

ভালুকা উপজেলার হবিরবাড়ির কাশর গ্রামে রোববার সন্ধ্যায় একটি ঘরের ভেতর বোমা বিস্ফোরণে একজন নিহত হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। বাড়ির মালিক আজিম উদ্দিন, নিহতের স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এ খবর নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে রোববার দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান ও র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক আজিম উদ্দিনসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণস্থলে আরো কিছু আছে কি না পুলিশ এখনো জানতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। ওই দল আসার পর ঘরে তল্লাশি চালানো হবে। নিহতের স্ত্রী পুলিশের কাছে একেক সময় একেক কথা বলছেন। ফলে নিহতের সঠিক নাম ও ঠিকানা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জানান, বাড়ির ভেতর বোমা কিংবা বোমা ডিভাইস থাকতে পারে বিধায় পুলিশ ঘরে তল্লাশি করেনি। ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল আসার পর সেখানে অভিযান সম্পন্ন করা হবে।