ভিজিএফ কার্ডের আত্মসাৎ গাজীপুরের আটাবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ১৫০০ ভিজিএফ কার্ডে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৯০ মেট্রিক টন চাল আত্মসাতের মামলায় গাজীপুরের আটাবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাতে তাকে সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন মোল্লা কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর মামলা হয়।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ১৫০০ কার্ডধারী হতদরিদ্রের জন্য বরাদ্দ ৯০ মেট্রিক টন চাল চেয়ারম্যান আলাউদ্দিন আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। মামলায় তিন ডিলারকেও আসামি করা হয়।

সূত্র জানায়, হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল মৃত ব্যক্তি ও প্রবাসীদের নামে উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগ করা হয় মামলায়।

মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদক গাজীপুরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।