নিজস্ব প্রতিবেদক : ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নিয়ে সরকারি সুবিধা গ্রহণের নামে অর্থ আত্মসাতের দায়ে ছয় শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক সাত মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক সাত মামলা অনুমোদন দিয়েছে।
দুদকের অনুসন্ধানকারী ও সহকারী পরিচালক মোহা. নূরুল হুদা বাদি হয়ে শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে দুদক জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে জানিয়েছেন।
আসামিরা হলেন-কুমিল্লা ব্রাহ্মণপাড়ার বড় ধুশিয়া আদর্শ কলেজের প্রদর্শক (সাচিবিক বিদ্যা) গোলাম মোস্তফা সরকার, প্রদর্শক (কম্পিউটার) মো. জামাল উদ্দিন, সহকারী গ্রন্থাগারিক মো. আবুল কালাম, কুমিল্লার মনোহরগঞ্জের খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. মোরশেদুল আলম, দিদার মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ কামাল হোসেন ও এদের সহযোগি মো. জহিরুল কাইয়ুম, পরিচালক, সফটটেক কম্পিউটার সেন্টার এবং কুমিল্লার মুরাদনগর বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. নজরুল ইসলাম, প্রভাষক (সাচিবিক বিদ্যা) মো. আযম খান এবং অফিস ব্যবস্থাপনা ড. রওশন আলম কলেজ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা নট্রামস হতে ইস্যুকৃত ভুয়া সনদ ব্যবহার করে বড় ধুশিয়া আদর্শ মহা-বিদ্যালয় হতে প্রায় ৯ বছরে চাকরিতে নিয়োগ লাভ করে সরকারি-বেসরকারি ১৭ লাখ ৯৫ হাজার ১০৪ টাকা আত্মসাৎ করেন। প্রদর্শক মো. জামাল উদ্দিনও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে চাকরিতে নিয়োগ লাভ করে মোট ১৪ লাখ ২৭ হাজার ২৯৫ টাকা আত্মসাৎ করেন। একইভাবে মো. আবুল কালাম ১৪ লাখ ৭৭ হাজার ৫৬৯ টাকা, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) পরিচালক মোরশেদুল আলম ৪ লাখ ২৭ হাজার ৫২৫ টাকা, মোহাম্মদ কামাল হোসেন ১৩ লাখ ৮৬ হাজার ৬৭১ টাকা, মো. নজরুল ইসলাম ১৬ লাখ এক হাজার ৭ টাকা এবং মো. আযম খান ১৬ লাখ ৫৭ হাজার ৯৬১ টাকা আত্মসাৎ করেন। আর এ কাজে সহযোগিতা করার অভিযোগে মো. জহিরুল কাইয়ুমকে আসামি করা হয়েছে।


