আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া এ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। একইদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৫.৮ মাত্রার এ ভূমিকম্পটি কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ ও ওয়ারদাক প্রদেশ-এর বাসিন্দারাও জানিয়েছেন, তারা কম্পন অনুভব করেছেন।
প্রায়শই আফগানিস্তানে ভূমিকম্প ঘটে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।
২০২৫ সালের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ২,২০০ এরও বেশি মানুষ নিহত হন বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল।
এর কয়েক সপ্তাহ পর উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হন।


