জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুম থেকে উঠে বাড়ির গেটে দাঁড়ানো মাত্রই বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ইজিবাইক তমা নামে সাত বছরের এক শিশুকে চাপা দিয়ে পালিয়েছে। শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার ভোর ৫টায় ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তমা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হারিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে। তারা সপরিবারে ফতুল্লার কাশিপুর ভোলাইল মিষ্টির দোকান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই সজিব মাহমুদ জানান, তমা ঘুম থেকে উঠে বাসার সামনে গেটের কাছে দাঁড়াতেই বেপরোয়া গতিতে আসা ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।


