নিজস্ব প্রতিবেদক : নোটিশ না দিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের গুলশান-২-এর বাড়িতে উচ্ছেদ কার্যক্রম চালানোর বৈধতা চ্যালঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মওদুদ আহমদ নিজেই রিটটি দায়ের করেন। একই সঙ্গে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়ির নকশায় কোনো ধরনের পরিবর্তন না করা এবং পজেশন ফিরিয়ে দেওয়ার জন্য দুটি অন্তর্বতীকালীন আদেশ চাওয়া হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি রাষ্ট্রকেও এই রিটে বিবাদী করা হয়েছে।
আজ দুপুর ২টায় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশান ২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি গতকাল বুধবার ছাড়তে হয়েছে মওদুদ আহমদকে। গতকাল দুপুরে রাজউক বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম শুরু করে।


