নিজস্ব প্রতিবেদক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ব্যয় খাতের উল্লেখ নিয়ে দুদকের দায়ের করা মামলার বিচারে আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে এই মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে নতুন আদালতে এই মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ ও মিজানুর রহমান। আদালতে দুদুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
জ্ঞাত আয় বর্হিভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।
মওদুদ আহমদের পক্ষে থেকে বলা হয়, সম্পদ বিবরণীতে এসব ব্যয়ের উল্লেখের বিধান নেই। তাই অভিযোগ গঠনের আগে ব্যয় খাত উল্লেখের বিষয়টি নিষ্পত্তি চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন মওদুদ। গত ৫ এপ্রিল সেই আবেদন খারিজ হয়। এ অবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনে ওই মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়। সে আবেদনটি ১২ জুলাই হাইকোর্টে খারিজ হয়ে যায়।
এর আগে মওদুদের ২১ জুন এ মামলার অভিযোগ গঠনে আদেশ দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েস। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ।এ ছাড়া ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন মওদুদ আহমদ।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এ ছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়। মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়।


