মহাখালীতে জেএমবির ২ সদস্য আটক

আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-২)। আটকরা হলেন- মোস্তাফিজুর রহমান ও রুহুল আমিন।

মঙ্গলবার (৯ জুন) দিনগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সংগঠনের মতাদর্শ প্রচারের লিফলেট ও উগ্রবাদী বই, দু’টি সিপিইউ, পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন জানান, আটকরা সদস্য সংগ্রহ ও মতবাদ প্রচারে কাজ করছিলেন। জঙ্গি তৎপরতা বেগবান করতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।