মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্ত্রী ও পাঁচ বছরের কন্যাকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। আমিরুল ইসলাম মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার পুত্র।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন আমিরুল তার স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা তার ৫ বছরের কন্যা জামিলা খাতুন দেখে ফেললে আমিরুল তাকেও গলাটিপে হত্যা করেন। পরে মৃতদেহ দুটি মাটি চাপা দিয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনার পরদিন কবিতা খাতুনের বাবা রকিব মোল্লা বাদী হয়ে আমিরুল ইসলামকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার চারদিন পর আমিরুলকে গ্রেপ্তার করে।


