নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পলসহ এক ছাত্রলীগ সভাপতিকে আটক করেছে বিজিবি। আটককৃত মাসুদুর রহমান ফারুক ধামইরহাট এমএম সরকারি কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি।
সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাগজকোটা গ্রামের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাসুদুর উপজেলার বীরগ্রাম এলাকার মো. আতোয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, আটকের সময় তার কাছ থেকে ৩৯টি ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পলসহ ১টি ১৫০ সিসি হিরো হাঙ্ক মডেল মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা। পরে চোরাকারবারি ও আটককৃত মালামাল ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, আসামির নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।


