মাদারীপুরে বনভোজনের চাঁদা না দেওয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আল আমিন বেপারী (১৬) নামে একজনকে আটক করে পুলিশ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূলফটকে এ ঘটনা ঘটে। আটক আল আমিন শহরের কুকরাইল এলাকার বেলায়েত বেপারীর ছেলে।
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তুম আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে বনভোজনের যাবার নামে অফিসে ঢুকে চাঁদা দাবি করে সাত থেকে আটজন অজ্ঞাত যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে বাহিরে বেরিয়ে যায় তারা। পরে অফিসের মূল ফটকের গেইট আটকে সেবা নিতে আসা গ্রহীতাদের আসা যাবার পথ বন্ধ করে দেয় ওই যুবকরা। দায়িত্বে থাকা আনসার সদস্যদের তর্কাতর্কির এক পর্যায়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়ে পাসপোর্ট অফিসে ভাঙচুর করে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক আল আমিনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।


