নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা – এর সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
শুক্রবার বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। এক কনস্টেবলের কাছ থেকে আরেক কনস্টেবল অস্ত্র নেওয়ার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে যায় এবং তা সচিবের পায়ে বিদ্ধ হয়। পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ এ ঘটনায় দায়ী পুলিশকে বরখাস্ত করার সুপারিশ করেছে।’
থানা পুলিশ জানায়, হোটেল ওয়েস্টিনের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন শাহেদুল খবির চৌধুরী। একই সময়ে পুলিশ কনস্টেবল ইমরান অস্ত্র বদল করার সময় অস্ত্র থেকে অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে তার পায়ে লাগে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


