নিজস্ব প্রতিবেদক : মানবসেতুর ওপর দিয়ে হাঁটার ঘটনার চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে জামিন প্রদানকারী চাঁদপুরের শিশু আদালতের বিচারক কোন কর্তৃত্ববলে তাকে জামিন দিয়েছেন তা জানতে চেয়েছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে তাকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বিপ্লব ও মো. সারোয়ার হোসেন।
আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব জানান, ছাত্রদের শরীরে গড়া সেতু দিয়ে হাঁটা চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইকোর্টে আগাম জামিন চেয়ে ব্যর্থ হন। পরে গত ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাকে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত জামিন দেন।
এরপর মামলার বাদী আব্দুল কাদের গাজী নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।
গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরে গত ১ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল কাদের গাজী মামলা দায়ের করেন।


