মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস জামিনের আদেশ দেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে জামিন আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে আদালত দুপুর ২টার দিকে আদেশ দেবেন বলে জানান। পরবর্তীতে আদালত জামিনের আদেশ দেন।

এর আগে গত ১১ জুলাই এ জামিনের আবেদন করা হলে ৩১ জুলাই শুনানির দিন ঠিক করেন একই বিচারক।

গত ৫ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ভুয়া জন্মদিন পালনের মামলায় এবং মহানগর হাকিম আহসান হাবীব যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলায় জামিন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ‘স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। ওইদিন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তেজগাঁও থানার ওসিকে মামলার তদন্তের নির্দেশ দেন। মামলায় খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে আসামি করা হয়।

গত বছর ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান মামলার প্রতিবেদন দাখিল করেন। এরপর তা আমলে নিয়ে প্রাক্তন এ প্রধানমন্ত্রীকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।

প্রচলিত আইনে মৃত ব্যক্তির বিচারের সুযোগ না থাকায় জিয়াউর রহমানকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়। মামলাটিতে গত বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। মামলাটিতে ২০১৬ সালের ১৭ নভেম্বর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।