মানিকগঞ্জের সেওতায় গৃহবধূ মাহমুদা বেগম হত্যার রহস্য উন্মোচন-মেয়ে জ্যোতিসহ গ্রেপ্তার-৩

জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় মা মাহমুদা বেগমকে পরিকল্পিতভাবে প্রেমিককে দিয়ে হত্যা করে মেয়ে জ্যোতি আক্তার। হত্যাকান্ডের সহযোগী ছিল প্রেমিক ও তার তিন বন্ধু। মানিকগঞ্জের দক্ষিন সেওতা গ্রামে ২২শে বুধবার ঘরে ঢুকে গৃহবধু মাহমুদা বেগমকে হত্যা করে তারা। এ মামলায় আটক জ্যোতি আক্তার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে এ কথা জানায়।
তাছাড়া আসামি প্রেমিক নাঈম ও তার বন্ধু রাকিব মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র বিচারক শাকিল আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপপুলিশ পরির্দশক এস,আই শামিম আল মামুন জানান, গত নভেম্বরে জ্যোতির সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ঢাকা জেলার কেরানীগঞ্জের আরাকুল গ্রামের নাঈমের সাথে। নিজেরা বিয়ের জন্য প্রস্তুতিও নেয়।
কিন্তু জ্যোতির মা মাহমুদা বেগম এতে রাজি ছিলেন না। তিনি মেয়েকে অন্য ঘরে বিয়ে দেওয়ার  জন্য চেষ্টা করছিলেন। এই নিয়ে মেয়ের সঙ্গে মায়ের ঝগড়া-বিবাদ তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক নাঈমের সাথে  একমত হয়ে জ্যোতি মাকেই হত্যার পরিকল্পনা করে।
ঘটনার আগের দিন ২১ জানুয়ারি রাতেই প্রেমিক নাঈম, রাকিব সহ আরও দুই বন্ধু অবস্থান নেয় জ্যোতির শোবার ঘরে। বন্ধুদের ভাড়া করা হয় দেড় লাখ টাকায়। এর মধ্যে জ্যোতি তার স্বর্ণালংকার এবং নগদ ১৬ হাজার টাকা দিয়ে প্রাথমিকভাবে কিছু অগ্রিম পরিশোধ করে হত্যাকারীদের। রাতেই হত্যার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। ২২ জানুয়ারি বুধবার সকালে জ্যোতির মা মাহমুদা বেগম সেলাই মেশিনে কাজ করার জন্য বসেন। এই সুযোগে মাহমুদা বেগমের রুমে ঢুকে নাঈমসহ আরো দুইজন। এরা রুমে ঢুকেই মাহমুদা বেগমকে শ্বাসরুদ্ধ করে  হত্যা করে।
হত্যাকান্ডকে ডাকাতি সাজিয়ে ওই সময় বক্তব্য দেন জ্যোতি আক্তার। কিন্ত তার কথাবার্তায় সন্দেহ হওয়াতে ঘটনার দিনই জ্যোতিকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আটক করা হয় নাঈম ও রাকিবকে। অন্য দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা যায়।