জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় নিজ বাসাতেই দুর্বৃত্তদের হাতে খুন হন মাহমুদা বেগম (৪০) নামে এক গৃহবধু। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মাহমুদা বেগম ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও মেয়ে সন্তানের জননী।
বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান নিশ্চিত করেছেন।
নিহতের স্বামী জহিরুল ইসলাম জানান, সকালের দিকে তার স্ত্রী মাহমুদা ও বড় মেয়ে জ্যোতি (২০) বাসায় অবস্থান করছিল। ১১ টার দিকে তিনি ঘরে প্রবেশ করে মেয়ের হাত-পা বাধা দেখতে পান। পরে তার মেয়ে জানায় ৪/৫ জন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে তাকে বেঁধে তার মাকে পাশের একটি কক্ষে হত্যা করে চলে যায়। এসময় তারা মা-মেয়ের গলায় পরিহিত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। তদন্ত শেষে হত্যার বিস্তারিত বিষয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে।


