মানিকগঞ্জের হরিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ৩-রা ফেব্রোয়ারী ২০২৬-ইং রোজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম(বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিট)।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গতকাল ২ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন লেসরাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে।
এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৫৪ জন সেনাসদস্য এবং বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য নিয়ে গঠিত একটি যৌথ চৌকস দল তাৎক্ষণিকভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে পাকিস্তান প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল কর্তৃক নিরাপদে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত রিভলবার, ককটেল বোমা ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।