মানিকগঞ্জে একই নারী চাকরি করেন সরকারি দুই প্রতিষ্ঠানে

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক নারীর বিরুদ্ধে সরকারি দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত নারীর নাম পারুল বেগম। তিনি উপজেলার করিমকান্দি-আদাশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি চাকরি করছেন বলড়া ইউনিয়ন শাখা ডাকঘরের ইডিএ (এক্সটা ডিপার্টমেন্টাল এজেন্ট) পদে। দুই প্রতিষ্ঠানের কাগজপত্রে নিয়মিত তিনি। নিয়মিত তুলছেন বেতন-ভাতাও।
পারুল বেগমের স্বামী মো. আয়নাল হক ঐ পোস্ট অফিসে
পিয়ন পদে কর্মরত। স্ত্রীর কাজ বেশিরভাগ সময় তিনিই করেন। প্রায় দুই যুগ ধরে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি সম্প্রতি ধরা পড়ে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদ উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
করিমকান্দি-আদাশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মমতাজ পারভীন জানান, বিষয়টি তিনি আগে জানতেন না। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাই তাকে এ ব্যাপারে জানিয়েছেন। পারুল বেগম বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন। বিশেষ কোন, কারণ ছাড়া তিনি ছুটিও নেন না।
অভিযুক্ত পারুল বেগম জানান, পোস্ট অফিসে তিনি কোনো মাসিক বেতন পেতেন না, সম্মানি
নিতেন। কয়েকদিন পূর্বে পোস্ট অফিসের চাকরি ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।
হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তির একসঙ্গে সরকারি দুটি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই। পারুল বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তথ্য চেয়ে মানিকগঞ্জ প্রধান ডাকঘরে চিঠি দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Attachments area