মোঃ আসাদুর জামান: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকাল ৯টা থেকে সরকারি ন্যায্যমূল্যের টিসিবি পণ্য ৯০০ কার্ডধারী পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে দায়িত্বে ছিল আব্দুল্লাহ ট্রেডার্স (প্রোপাইটর: ফিরোজা) এবং নানজিম ‘তাসদ্দিদ ট্রেডার্স’ (প্রোপাইটর: সোহাগ)। তবে সরেজমিন অনুসন্ধানে তাদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
সরকার রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিম্নআয়ের মানুষের সহায়তায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে চাল, ডাল, চিনি, তেল ও ছোলা নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকে। নীতিমালা অনুযায়ী পণ্য সঠিক ওজনে এবং নির্ধারিত ৬০০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ডিলাররা প্রতি কেজিতে ২০ থেকে ৪০ গ্রাম পর্যন্ত কম দিচ্ছেন। সব মিলিয়ে একজন গ্রাহক মাথাপিছু প্রায় ১০০ থেকে ১১০ গ্রাম পর্যন্ত পণ্য কম পাচ্ছেন। একই সঙ্গে ৬০০ টাকার পরিবর্তে ৬১০ টাকা করে আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ডিলারদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাদের দাবি, খাদ্য গুদাম থেকেই পণ্য কম দেওয়া হয়। তবে এ দাবির পক্ষে তারা কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি।
ভুক্তভোগী গ্রাহকদের প্রশ্ন—সরকারি ন্যায্যমূল্যের পণ্য নগদ অর্থে গ্রহণ করার পরও কেন ওজনে কম ও অতিরিক্ত মূল্য দিতে হবে?
বিষয়টি জানানো হলে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাগ অফিসার মোঃ মফিজুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি সরেজমিন তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
টিসিবির নীতিমালা অনুযায়ী ওজনে কম দেওয়া, নির্ধারিত মূল্যের বেশি আদায়, পণ্য পাচার বা অন্য কোনো অনিয়ম প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল, জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। অথচ অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই এ দুটি প্রতিষ্ঠান নানা অনিয়ম করে আসছে।
রমজানের মতো সংবেদনশীল সময়ে সরকারের সহায়তা কর্মসূচিতে অনিয়মের অভিযোগে সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।


