জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল খোয়াইমুড়ি গ্রামের একটি পাটক্ষেত থেকে লালন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ২৭ জুন সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লালন মিয়া সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর এলাকার মৃত হারুন-অর- রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের সিংগাইর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে উপজেলার পারিল খোয়াইমুড়ি এলাকার একটি পাটক্ষেত থেকে লালনের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে বলেও মন্তব্য করেন তিনি।


