নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে আপস করবো না। জনগণ সঙ্গে আছে বলে সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থিদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সরকারের কাছে সবার আগে জনগণের নিরাপত্তা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে, এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র্যাবসহ অন্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে, এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।
সমাবেশে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।


