মামলার শুনানিকালে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিকালে ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট টিএম আকবর মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বকশীবাজারস্থ অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার মামলার কার্যক্রমের শুরু খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করেন সানাউল্লাহ মিয়া। আদালত মঞ্জুর করেন। এরপর ওই মামলার অপর আসামি ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নুর আহমেদকে জেরা করতে যান টিএম আকবর।

বেলা সাড়ে ১১টা থেকে তিনি ওই কর্মকর্তাকে জেরা শুরু করেন। জেরার এক পর্যায়ে তিনি অসুস্থতাবোধ করে ফ্লোরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে বারডেম হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ আইনজীবী অসুস্থ হয়ে পড়ার পর বিচারক ড. মো. আকতারুজ্জামান এজলাস থেকে নেমে যান এবং পরবর্তীতে মৃত্যুর খবর আসার পর শুনানি আগামী ১২ অক্টোবর পর্যন্ত মূলতবি করেন।