আন্তর্জাতিক ডেস্ক: মারিউপোলে কোনো নিরাপদ স্থান নেই। চারদিকে যুদ্ধ। ক্ষেপণাস্ত্র, বোমা হামলার বিকট শব্দ। মুহূর্তেই ধসে পড়ছে কোনো অট্টালিকা। বাতাসে বারুদের গন্ধ। রাস্তায় রাস্তায় যুদ্ধ। সে এক বিভীষিকা! ওই শহরে একটুও শান্তির জায়গা নেই। মারিউপোল থেকে পালানো এক শরণার্থী ওলেকজান্দর বেজিমোভ এ কথা বলেছেন মিডিয়ার কাছে।
তিনি ও তার পরিবার মারিউপোল থেকে পালিয়ে পশ্চিমে লাভিভ শহরে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে বার্তা সংস্থা রয়ার্সকে বলেছেন, চারদিকে গোলাগুলির শব্দ। কোনো বিরতি নেই। অবিরাম যুদ্ধ হচ্ছে। রাতভর আকাশে যুদ্ধবিমানের দাপাদাপি। বোমা হামলা। বিকট শব্দ। এসব কানকে ঝালাপালা করে ফেলছে। সেখানে থাকা মোটেও নিরাপদ নয়। এসব শব্দে স্নায়ুযন্ত্র বিকল হয়ে যায়।
ওলেকজান্দর তার স্ত্রী ও সৎমেয়েকে নিয়ে পালিয়েছেন। তবে ২রা মার্চের পর আর নিজের ছেলেকে দেখতে পাননি। জানেন না সে কোথায় আছে। বলেছেন, শহরের বাইরের দিকটা একেবারে ধ্বংস হয়ে গেছে। কিছুই নেই সেখানে। এক পর্যায়ে মনে হলো এই শহরে আর বসে থাকা নিরাপদ নয়। তাই পালিয়ে এসেছি। এখনও মারিউপোলে আটকে আছেন কমপক্ষে তিন লাখ বেসামরিক মানুষ। তারা না পারছেন বেরিয়ে আসতে। না যাচ্ছে তাদেরকে উদ্ধার করা। কারণ, রাস্তায় ভয়াবহ যুদ্ধ চলছে। এসব মানুষের খাদ্য নেই। পানি নেই। বিদ্যুত নেই। ফলে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তারা।
বিশ্ব খাদ্য কর্মসূচি শনিবার বলেছে, ওই শহরের মানুষের কাছে তারা যুদ্ধের কারণে খাদ্য ও অন্যান্য সহায়তা পৌঁছে দিতে পারছে না। রাস্তা ভয়াবহ যুদ্ধের কারণে কোনো লরি চালক শহরের ভিতরে প্রবেশের সাহস দেখাচ্ছেন না।


