মাহির মামলা থেকে স্বামী দাবিদার শাওনকে অব্যাহতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির দায়ের করা মামলায় স্বামী দাবিদার শাওনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

গত ৩১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব মিয়া প্রতিবেদন দাখিল করেন। ওই তারিখে প্রতিবেদন দাখিল করা হলেও বৃহস্পতিবার তা জানা গেছে। চিত্রনায়িকা মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

আগামি ৭ মার্চ মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে সম্পন্ন হয়। ভলিউম নং ১৮৬/১৫, পৃষ্ঠা ৬৫-তে এ বিয়ের নিবন্ধন করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা এ বিয়ের নিবন্ধন বই জব্দ করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন।

এসআই সোহরাব বলেন, ‘শাওন ও মাহির বিয়ে হয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্র আমি নিজেই জব্দ করেছি। তাদের বিয়ের মাসখানেকের মধ্যে চলচ্চিত্রে কাজ করা নিয়ে বিবাদীর সাথে বিবাদে জড়ালে তারা আলাদাভাবে বসবাস শুরু করেন এবং খোলা তালাক কার্যকর করা হয়। পরবর্তী সময়ে মাহি গত বছরের ২৫ মে আবার বিয়ে করেন।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা মাহি ২০১৬ সালের ২৮ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় শাওনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতেই শাওনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় শাওনের দক্ষিণ বাড্ডার বাসা থেকে কম্পিউটার জব্দ করা হয়।

জানা যায়, শাওন গত বছরের ৫ জুন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে জামিন পান। আদালতে দুজনের পক্ষ থেকে আপস-মীমাংসার কথা বলা হলে আদালত জামিন দেন।

গত বছরের ৫ জুন মাহির বাবা ও শাওনের বাবার মধ্যে একটি আপসনামা হয়। ওই দিন বিকেল ৩টার দিকে মাহির উত্তরার বাসায় উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে ৩০০ টাকার দলিলে এই আপসনামা স্বাক্ষরিত হয়। আপসনামায় স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাওনের বাবা নজরুল ইসলাম।

নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর বিয়ের পরের দিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির ‘একাধিক বিয়ে-সংক্রান্ত’ কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয়, এর আগেও মাহির বিয়ে হয়েছে। ছবি প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।