নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা নাশকতার ৫ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
মামলার বিবরণে জানা যায়, আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ২০১৩ সালে রাজধানীর মতিঝিল থানায় একটি ও ২০১৫ সালে পল্টন থানায় চারটি মামলা দায়ের করা হয়। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করে পুলিশ।


