মির্জাপুরে কৃষক হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে কৃষক তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ইলিয়াস মিয়া, শাহ বাদশা, বাবুল, দুলাল মিয়া, ইউনুস মিয়া, বিজু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহাদত, ছানোয়ার, ননি মিয়া, দেলোয়ার ও মনসুর আলী।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালে তিনজন মারা গেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২২ মে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলুরা গ্রামে জমিসংক্রান্ত বিরোধে তোফাজ্জল হোসেন (৩৫) খুন হন। ওই দিন তার ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রোববার টাঙ্গাইলের বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।