মির্জা ফখরুলসহ ৩৬ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পল্টন থানার বিস্ফোরক আইনের একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি।

বুধবার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির অভিযোগ গঠনের শুনানির জন্য ১৪ জুন দিন ঠিক করেন। আসামিপক্ষে সময়ের আবেদন করেন জয়নুল আবেদীন মেজবাহ।

জয়নুল আবেদীন মেজবাহ জানান, বুধবার মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আম্মা অসুস্থ হয়ে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। এজন্য তিনি (মির্জা ফখরুল) আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৪ জুন ঠিক করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করেন। এ ছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

ঘটনার দিনই পল্টন থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অপর আসামির মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৩৬ জন।