নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীরা মামলার গ্রহণ যোগ্যতার বিষয়ে হাইকোর্টে একটি আবেদন করেছেন যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ শুনানির পরবর্তী তারিখ আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন। এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় আসামিরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় ফখরুলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


