মিলার স্বামীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে কণ্ঠশিল্পী মিলা ইসলামকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল জামিন নামঞ্জুরের আদেশ দেন।

সানজারিরের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী শামীম আহাম্মদ। শুনানিতে তিনি বলেন, ‘মিলা ও সানজারি স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন। পারিবারিক কারণে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হতে পারে। মিলা জিদের বশে মামলাটি করেছেন। সানজারি ইউ এস বাংলা এয়ারলাইন্সে সিনিয়র পাইলট হিসেবে কর্মরত। হাজতে থাকায় দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট ব্যাহত হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। জামিন দিলে পলাতক হবেন না।’

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করেন। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আর অভিযোগ সুনির্দিষ্ট। তা ছাড়া মামলার তদন্ত চলছে। আমরা তার জামিনে আপত্তি জানাচ্ছি।’

মহিলা আইনজীবী সমিতির পক্ষে ফাহমিদা আক্তার রিংকিও জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দেন।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন পুলিশ তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে সানজারিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।