গেলো সোমবারে পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের পদ ছেড়ে দিলেন হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। আর তাদের দুজনের পদত্যাগের পরই জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তানের বাঁহাতি তারকা পেসার মোহাম্মদ আমির।
এর আগে, গত বছরের আগস্টে সবশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। আমির টেস্ট থেকে হঠাৎ অবসর ঘোষণার পরই টিম ম্যানেজম্যান্ট তথা মিসবাহ এবং ওয়াকারের সঙ্গে তার নানা ধরনের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, ওই দ্বন্দ্বের জেরে শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
চলতি বছরের জানুয়ারিতে আমির জানিয়েছিলেন, যদি তখনকার টিম ম্যানেজম্যান্টে পরিবর্তন আসে, তবেই কেবল জাতীয় দলে ফিরবেন তিনি। প্রায় ৮ মাসে হলো আমিরের শর্ত পূরণ। তাই তিনিও পাকিস্তানি সংবাদমাধ্যমে বলেছেন, “আমি এখন দলে ফিরতে প্রস্তুত”।
২০১৯ সালে আমির হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে কারন হিসেবে বলেন, শরীর তিন ফরমেটের ধকল নিতে পারছে না। অথচ ৩৬ টেস্টে ১১৯ উইকেট তার নামের পাশে। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরও এই ফরমেটে খারাপ খেলছিলেন না।


