মিয়ানমারের একটি স্কুলে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছে সেনাবাহিনী; এতে ওই স্কুলের ছয় শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে ১৭ জন।
মিয়ানমারের সংবাদমাধ্যম মিজ্জিমা ও ইরাবতী নিউজ পোর্টালের বরাতে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার সামরিক বাহিনীর হেলিকপ্টার যখন হামলা চালায়, সেসময় ক্লাস চলছিল স্কুলটিতে। ওপর থেকে গুলিবর্ষণে ঘটনাস্থলেই নিহত হয় অন্তত চার শিক্ষার্থী এবং আহত অন্যান্যদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিহত হয়ে আরও দুই জন।
স্কুলে গুলিবর্ষণের পাশাপাশি ‘সন্ত্রাসীদের’ খুঁজতে লেত ইয়েত কোন গ্রামে সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালিয়েছে বলেও রয়টার্সকে জানিয়েছেন ওই গ্রামের দুই বাসিন্দা। নিরাপত্তাজনিত কারণে তাদের নাম প্রকাশ করেনি রয়টার্স।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলা ও তল্লাশি অভিযানের ছবি পোস্ট করেছেন অনেকেই। সেসব ছবিতে ওই স্কুলের বুলেটবিধ্বস্ত দেওয়াল ও বিভিন্ন স্থানে রক্তের ছোপ দেখা গেছে।


