মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা পুলিশকে জনবান্ধব ও গণবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক অনুষ্টানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন করা হয়।
এ সময় পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেন, চিকিৎসা এবং শিক্ষাকে পুরোপুরি গ্রামে নিয়ে যেতে পারলে শহর ছেড়ে গ্রামে বসবাস করবে মানুষ। এর আগেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই আমরা বিট পুলিশং কার্যক্রম শুরু করেছি। এর ফলে সারা দেশে প্রায় ২০-২৫০০০ মামলা কমে গিয়েছে।
এরপর তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, সাম্প্রতিককালে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক অনেক গবেষণা হয়েছে। মাঝখানে গভীর তমশা কাল গিয়েছে। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গবেষণার উদ্যোগ নিয়েছিলাম আমরা। উন্নত একটা গবেষণা হয়েছে, সেই গবেষণা করতে গিয়ে আমরা দেখেছি, বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে একটি করে থানার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশকে নিয়ে তিনি এমন স্বপ্ন দেখতেন যা এই মুহূর্তেও কারও মাথায় আসবে না। স্বাধীনতার পর আমরা প্রতিটি সেক্টরে বিপর্যস্ত ছিলাম। তখনও বঙ্গবন্ধু কাজ করে গিয়েছেন। একইসাথে সমুদ্রসীমা নিয়ে কাজ করেছেন। আমাদের দেশেও একসময় গ্রাম হবে শহর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ইতোমধ্যেই আমাদের গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। শিক্ষার সুযোগ পেয়েছে হাজারো শিশু। গ্রামেও এখন ধীরে ধীরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, মোট পাঁচটি গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে দুর্জয়ের ডায়েরির প্রথম পর্বটি। এরপর ধীরে ধীরে আরও পর্ব ইউটিউবে প্রকাশ করবে বাংলাদেশ পুলিশ। পুলিশের ভাষ্যমতে, মীনা সিরিজের আদলে তৈরি এই সিরিজের মাধ্যমে পুলিশের কার্যক্রম সম্পর্কে সহজেই ধারণা পাবে সাধারণ জনগণ।


