সচিবালয় প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সরকারি সুবিধা সংবলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগির এ সম্পর্কিত কাগজ জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো হবে।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। অধিবেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অধিবেশনে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি রক্ষণাবেক্ষণ, মুক্তিযোদ্ধাদের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে অধিবেশন শেষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার সারা দেশের বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখ যুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে।’
মন্ত্রী বলেন, ‘অধিবেশনে ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে এসব স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ। তবে সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে।’
সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।


