মুখে বিষ দিয়ে মৃত্যু নিশ্চিত করেন স্বামী-শ্বশুড় শ্বাশুড়ী

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জোসনা বেগম (২২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামীসহ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

নিহত জোসনা ওই এলাকার হাবিবুর রহমান হাবীবের স্ত্রী। আটকরা হলেন- নিহতের স্বামী হাবিবুর রহমান হাবীব ও তার বাবা-মা।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় জোসনাকে বেধড়ক মারপিট করেন তার স্বামী হাবীব ও তার বাবা-মা। মারপিটের এক পর্যায়ে তার মৃত্যু হলে মুখে বিষ ঢেলে দেন হাবীবরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা হাবিব ও তার বাবা-মাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সন্দেহজনকভাবে তাদের আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত হতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।