নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর ২৮ নারী সদস্যকে পুনরায় একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে নেওয়া নারীদের মধ্যে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ভাইয়ের স্ত্রীও আছেন। তার নাম সাকিয়া তাসনিম।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. শরীফুল ইসলাম সোমবার তার রিমান্ড আবেদনে এ তথ্য উল্লেখ করেছেন।
শরীফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে আসামিরা তাদের পরিচয় দিয়েছেন এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেকে আগে থেকে এ সংগঠনের সঙ্গে জড়িত আছেন, এ প্রমাণ পাওয়া গেছে। আসামিদের মধ্যে ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারী হাইপ্রোফাইল নেত্রী আছেন মর্মে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। এই মামলার এজাহার নামীয় গ্রেপ্তারকৃত আসামি স্ত্রী সাকিয়া তাসনিম যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু রিমান্ডের আদেশ দেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন- জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি শাহনাজ বেগম (৫৬), রোকন নাঈমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীন আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসনিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মীম (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) এবং রাহিমা খাতুন (৩০)।
গত ৩ ফেব্রুয়ারি উল্লিখিত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি জামায়াতে ইসলামীর সমর্থক পারভীনের (৫০)রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত ৩ ফেব্রুয়ারি তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ।
এসব নারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দোতলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করে পুলিশ।


