মুদ্রাপাচার রোধে একজোট তারা

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যের আড়ালে মুদ্রাপাচার ঠেকাতে একযোগে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) এবং ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)।

মঙ্গলবার এনবিআরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, দুদকের কমিশনার ও প্রাক্তন এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদসহ এনবিআরের ঊর্ধতন কর্মকর্তা ও আইজিসির পরিচালক কাদির খানসহ বিভিন্ন প্রতিনিধি আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এনবিআর সূত্রে জানা যায়, আইজিসি মুদ্রাপাচারের মূলোৎপাটনের জন্য সরকারের ওই তিন সংস্থা মুদ্রাপাচারকারী ও পেছনের কুশীলবদের শনাক্ত করা, মুদ্রা পাচারকারীদের লক্ষ্য, উদ্দেশ্য, কৌশল উৎঘাটনসহ এতে সহায়তাকারীদের চিহ্নিত করতে কাজ করবে। এজন্যে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের ডাটা ব্যবহার করা হবে। শুল্ক গোয়েন্দাও বর্তমানে মুদ্রাপাচার ঠেকাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

এনবিআরে অনুষ্ঠিত আলোচনায় আইজিসির পরিচালক আদনান কাদির খান বলেন, ‘মুদ্রাপাচার ঠেকাতে বাংলাদেশ সরকারকে নিজস্ব অর্থে সব রকমের সহায়তা করতে তৈরি আমরা। এজন্য আমাদেরকে গবেষণামূলক কাজের জন্য এনবিআর ও দুদক থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

আইজিসি উন্নয়নশীল দেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে উপযোগী গবেষণার মাধ্যমে পরামর্শমূলক সহায়তা দিয়ে থাকে। তারা ইতোমধ্য ভারত, ঘানা, উগান্ডা, রুয়ান্ডা, মিয়ানমার, পাকিস্তান ও বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশকে আর্থিক, রাজস্ব ও কর বিষয়ে গবেষণার মাধ্যমে এমন সহায়তা দিয়েছে ও দিয়ে যাচ্ছে।