নিজস্ব প্রতিবেদক : মডেল জাকিয়া মুনের আলোচিত সেই বিলাসবহুল পোরশে গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় হয়েছে বলে সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দারা শুল্ক ফাঁকির অভিযোগে গত ৬ জুন ২০১৬ তারিখে গুলশান-১ এর রোড ৩৩, বাড়ি ১০ এর পার্কিং থেকে গাড়িটি আটক করেন। আটককালে গাড়িটি ব্রিটিশ নম্বরযুক্ত (AS05AUM) ছিল। ব্রিটেন থেকে কার্নেট সুবিধায় এনে শর্ত অনুযায়ী পোরশে গাড়িটি আবার বিদেশে না নিয়ে অবৈধভাবে ব্যবহৃত হয়েছিল। এতে প্রায় ২.২৭ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়ির মূল্য প্রায় ৩ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্র আরো জানায়, গাড়িটির ব্যবহারকারী ছিলেন মডেল জাকিয়া মুন। এ অপরাধে তার দুজন সহযোগীকেও অভিযুক্ত করা হয়। তারা হলেন মডেল মুনের স্বামী (কথিত) গার্মেন্টস ব্যবসায়ী শফিউল আলম মহসীন ও গাড়ির আমদানিকারক ব্রিটিশ নাগরিক আফজাল আলী।
শুল্ক গোয়েন্দা অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ তৈরি করে বিচারের জন্য কাস্টমস হাউসের কমিশনারের কাছে পাঠায়। কমিশনার শুল্ক আইনে প্রদত্ত তার বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় প্রকাশ করেন। এখন মডেল জাকিয়া মুনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা।


