মুরাদনগরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

ওসমান গনি সরকার, মুরাদনগর(কুমিল্লা) উপজেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
মৃত আমেনা খাতুন (০৯) ও সামিয়া আক্তার (৬) বাঁশকাইট গ্রামের সালাম মিয়ার মেয়ে। অপরজন সাদিয়া আক্তার(৭) একই বাড়ির সালাম মিয়ার ভাই কাউসার মিয়ার মেয়ে। তারা তিনজনই বাঁশকাইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতদের স্বজনদের কাছ থেকে জানা যায়, বুধবার দুপুরে ঐ তিন শিশু স্কুল থেকে ফিরে প্রতিদিনের ন্যায় পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের আশেপাশে খুঁজতে থাকে। খোঁজার একপর্যায়ে পুকুর ঘাটে শিশুদের জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা।
পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। একই পরিবারে তিন শিশু পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এশার নামাজের পর জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  প্রভাস চন্দ্র ধর ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘একই পরিবারের তিন শিশু মৃত্যুর বিষয়টি খুবই হৃদয় বিদারক’।