মুসা বিন শমসেরের মুসার বিরুদ্ধে তিন মামলা

নিজস্ব প্রতিবেদক : স্বঘোষিত ধনকুবের মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) বিরুদ্ধে শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির তিন অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এর মধ্যে শুল্ক ফাঁকির ঘটনায় প্রধান আসামি এবং মানি লন্ডারিং মামলায় সহযোগী আসামি করে দুটিসহ মোট তিনটি মামলা করবেন গোয়েন্দারা। একই সঙ্গে দুর্নীতির দায়ে প্রিন্স মুসার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আইনানুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে।

রোববার মুসা বিন শমসেরের জবানবন্দি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান।

এর আগে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রিন্স মুসাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দার তদন্ত দল।

মইনুল খান বলেন, ‘প্রিন্স মুসা বিন শমসেরকে রোববার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় তথ্য দেন প্রিন্স মুসা। তিনটি অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে। এর মধ্যে শুল্ক ফাঁকিতে মুসাকে প্রধান আসামি করা হবে। পাশাপাশি মানি লন্ডারিং ও দুর্নীতির দায়ে সহযোগী আসামি করে দুটি মামলা করা হবে।’

তিনি আরো বলেন, ‘ইংল্যান্ডের নাগরিক ফরিদ নাবিরকে প্রধান আসামি করে মানি লন্ডারিং মামলা দায়ের করা হবে। এ মামলায় সহযোগী আসামি হবেন মুসা বিন শমসের। তবে এসব দুনীতিতে সহায়তাকারীরা এই মামলায় আসামি হবেন। কেউ ছাড় পাবেন না। প্রিন্স মুসাকে দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়। আশা করছি তাকে আর ডাকার প্রয়োজন হবে না। প্রয়োজন হলে তার পক্ষ থেকে কেউ আসলেই হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মইনুল খান বলেন, ‘প্রিন্স মুসার আরো অনেক গাড়ি রয়েছে, এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। তা যাচাই ও প্রমাণ সাপেক্ষ। যদি সে রকম তথ্য-প্রমাণ মেলে, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দার দল প্রিন্স মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করে। গাড়িটি শুল্ক পরিশোধের ভুয়া কাগজ দিয়ে ভোলা বিআরটিএ থেকে জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে রেজিস্ট্রেশন করানো হয়। প্রিন্স মুসা বিন শমসের নিজে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তার দখল থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

শুল্ক ফাঁকির ঘটনাটি তদন্তের জন্য উপপরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য ২০ এপ্রিল শুল্ক গোয়েন্দায় হাজির হওয়ার জন্য নোটিশ দিলে প্রিন্স মুসা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে ‘বাকশক্তি হারিয়েছেন’ দাবি করে সময় প্রার্থনা করেন। প্রিন্স মুসার সময় প্রার্থনার আবেদন মঞ্জুর করে শুল্ক গোয়েন্দা বিভাগ ১৫ দিনের সময় দিয়ে আজ ৭ মে হাজির হতে বলে।